বাংলা কিউআরে আইআরএফ শূন্য করল বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় ও সম্প্রসারিত করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য করা হয়েছে। ফলে কোনো বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুয়িং প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না।
বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে গত ১ জুলাই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি ও চার্জ নির্ধারণ সংক্রান্ত যে সার্কুলার জারি করেছিল, সেটিও রহিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে এবং ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য ছোট অঙ্কের ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও উৎসাহব্যঞ্জক হবে বলে আশা করা হচ্ছে।