আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, ‘রাকা’র শুটিংয়ে টানা ব্যস্ত
দ্বিতীয় সন্তানের জন্মের সময় ঘনিয়ে এলেও পেশাদারিত্বে কোনো ছাড় দিচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী তার আসন্ন সিনেমা ‘রাকা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে নিজের অংশের শুটিং শেষ করতে টানা কাজ করে যাচ্ছেন দীপিকা। ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণি তারকা আল্লু অর্জুনের বিপরীতে অভিনীত ‘রাকা’র শুটিং দ্রুত শেষ করাই এখন অভিনেত্রীর অন্যতম লক্ষ্য।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেও দীপিকা নিয়মিত শুটিং সেটে থাকছেন। প্রয়োজন অনুযায়ী গভীর রাত পর্যন্তও কাজ করছেন তিনি। এমনকি গর্ভাবস্থার সাত-আট মাসের সময়েও কিছু কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন অভিনেত্রী।
দীপিকার কাজের প্রতি এমন নিষ্ঠা ও পেশাদারিত্বে মুগ্ধ সিনেমাটির পুরো শুটিং টিম। মাতৃত্বের গুরুত্বপূর্ণ সময়ের পাশাপাশি পেশাগত দায়িত্ব সামলে তিনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে প্রশংসা করছেন সংশ্লিষ্টরা।
অ্যাটলি পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত ‘রাকা’ একটি বড় বাজেটের ফ্যান্টাসি সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার। আইএমডিবির তথ্য অনুযায়ী, সিনেমাটির গল্প এক ঐশ্বরিক যোদ্ধাকে কেন্দ্র করে, যিনি মহাজাগতিক শক্তিতে রূপ নিয়ে বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে আবির্ভূত হন।
ছবিটিতে আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর।