বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘কখনো বলিনি, আর অভিনয় করব না’: হাসান মাসুদ

‘কখনো বলিনি, আর অভিনয় করব না’: হাসান মাসুদ

favicon
ভোরের আলো ডেস্ক:
‘কখনো বলিনি, আর অভিনয় করব না’: হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছিল নানা আলোচনা। অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো অভিনয় থেকে পুরোপুরি বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই জল্পনা নাকচ করে অভিনেতা জানিয়েছেন, ভালো গল্প ও পছন্দসই কাজ পেলে তিনি আবারও অভিনয় করবেন।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসান মাসুদ বলেন, তার আগের বক্তব্যটি ভুলভাবে বোঝা হয়েছে। তিনি জানান, প্রায় দুই বছর ধরে নিয়মিত অভিনয় করছেন না এবং মাঝে মাঝে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। বর্তমানে মানসম্মত কনটেন্টের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


হাসান মাসুদ স্পষ্ট করে বলেন, ‘আমি কখনো বলিনি যে আর অভিনয় করব না।’


অভিনয়ের সঙ্গে ধর্মচর্চার কোনো বিরোধ নেই বলেও মনে করেন এই অভিনেতা। তিনি জানান, শুটিংয়ের সময়ও নিয়মিত নামাজ আদায় করেছেন এবং সহকর্মী ও নির্মাতারা তাকে এ বিষয়ে সহযোগিতা করেছেন।


হাসান মাসুদ বলেন, গত চার-পাঁচ বছর যাদের সঙ্গে কাজ করেছেন, তারা সবাই জানেন যে তিনি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়েন। শুটিংয়ের সময় নামাজের বিরতি দেওয়া হতো এবং অনেক সময় পরিচালকরাই তাকে নামাজ পড়ার জন্য বিরতিতে যেতে বলতেন।


হজ পালন করে দেশে ফেরার পরও দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলে জানান তিনি। ভবিষ্যতে পছন্দসই কোনো কাজের প্রস্তাব পেলে অভিনয়ে ফিরতে তার আপত্তি নেই।


এর আগে হজ থেকে দেশে ফেরার পর হাসান মাসুদ জানিয়েছিলেন, আপাতত অভিনয়ের চেয়ে ধর্মীয় কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিতে চান তিনি। সেই বক্তব্য থেকেই তার অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।


হাসান মাসুদ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সাংবাদিকতা পেরিয়ে অভিনয়ে আসেন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।


অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে তার পরিচিতি। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার একক গানের অ্যালবাম ‘হৃদয়ঘটিত’।