শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনমিথ্যা ভান নয়, সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

মিথ্যা ভান নয়, সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

favicon
ভোরের আলো ডেস্ক:
মিথ্যা ভান নয়, সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সম্পর্ক থেকে সরে আসা এবং নিজের প্রতি সৎ থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি।


প্রভা বলেন, কোনো সম্পর্ক ছিন্ন করা মানেই মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা নয়। বরং কখনো কখনো এটি নিজের কাছে সত্য স্বীকার করে নেওয়া যে, একসময় অর্থবহ থাকা কোনো সম্পর্ক এখন ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।


অভিনেত্রীর মতে, ভালোবাসার বিনিময়ে মানসিক শান্তি, নিজের পরিচয় কিংবা আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়। অনেক সময় এমন মানুষও পাশে থাকে, যারা নিজেদের প্রয়োজন মেটাতে গিয়ে অন্যজনকে মানসিকভাবে নিঃশেষ করে দেয়।


পরিবারের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে উল্লেখ করেন প্রভা। কারও সীমালঙ্ঘন কিংবা পাশে থেকেও একাকিত্বের অনুভূতি তৈরি করা সম্পর্ককে দীর্ঘদিন ধরে পরিবর্তনের আশায় টেনে নেওয়া মানুষকে একসময় নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দিতে পারে।


প্রভা মনে করেন, জীবন থেকে কোনো সম্পর্ক বা পরিস্থিতি সরিয়ে দেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়। বরং কখনো কখনো এটি নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি রক্ষার সাহসী সিদ্ধান্ত।


তিনি আরও বলেন, মিথ্যা ভান করে থাকার চেয়ে সত্যকে মেনে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি। কারও জীবন থেকে সরে আসা মানেই তাকে পরিত্যাগ করা নয়; অনেক ক্ষেত্রে এটি নিজেকে রক্ষা করার একটি সিদ্ধান্ত।


অভিনেত্রীর ভাষ্য, যে পরিবেশে বারবার আঘাত পেতে হয়, সেখানে সুস্থভাবে এগিয়ে যাওয়া কঠিন। তাই প্রয়োজন হলে কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ হতে পারে। তাঁর মতে, কখনো কখনো কিছু ছেড়ে দেওয়াও ভালোবাসার শক্তিশালী প্রকাশ হতে পারে।