কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের হোটেলটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
অগ্নিকাণ্ডের পর হোটেল থেকে দগ্ধ অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে খুঁজে বের করতে তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।