মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বপ্রশ্ন করায় নারী সাংবাদিককে ট্রাম্পের কড়া কটাক্ষ

প্রশ্ন করায় নারী সাংবাদিককে ট্রাম্পের কড়া কটাক্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রশ্ন করায় নারী সাংবাদিককে ট্রাম্পের কড়া কটাক্ষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহকারীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসকে প্রকাশ্যে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। পরে ওই সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমেও আক্রমণাত্মক মন্তব্য করে হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ টিম।


ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্পের নির্বাহী সহকারী ৩৪ বছর বয়সী নাটালি হার্পকে নিয়ে ডেমোক্র্যাটিক এক আইনপ্রণেতার মন্তব্যের বিষয়ে প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানতে চান ক্রিস্টেন হোমস।


প্রশ্নটি করার পর হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ টিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই সাংবাদিককে লক্ষ্য করে একটি ভিডিওর লিংক শেয়ার করে। পোস্টে সাংবাদিকের প্রশ্নকে ‘নোংরা ও অমানবিক’ আখ্যা দেওয়া হয় এবং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়।


পরে উত্তর কোরিয়া নিয়ে প্রশ্ন করার সময়ও ট্রাম্প হোমসের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তিনি ‘উচ্চবাচ্যকারী’ এবং ‘চিৎকারকারী’। একই সঙ্গে তাকে ‘ফেক নিউজ’ বলে চুপ থাকতে বলেন।


অনুষ্ঠানটি মূলত এক কিশোর লাইফগার্ডকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছিল। ওই কিশোর সম্প্রতি বড় ঢেউয়ের মধ্যে একটি শিশুকে উদ্ধার করেছিল। তবে অনুষ্ঠানে ট্রাম্প অন্যান্য বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দেন।


হোয়াইট হাউসের আচরণের সমালোচনা করে সিএনএন এক বিবৃতিতে বলেছে, সাংবাদিক ক্রিস্টেন হোমসের বিরুদ্ধে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ প্রেসিডেন্টের পদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিষ্ঠানটি সাংবাদিকের পাশে থাকার কথাও জানিয়েছে।


এদিকে ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পকে নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। জুলাইয়ে এয়ার ফোর্স ওয়ান পরিবর্তনের সময় ট্রাম্পের সঙ্গে থাকা ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন তিনি।


সম্প্রতি ডেমোক্র্যাটিক সিনেটর জন ওসফ এক প্রচারণায় ট্রাম্পকে সমালোচনা করে নাটালি হার্পের সঙ্গে তার ভ্রমণের প্রসঙ্গ তোলেন। জবাবে ট্রাম্প ওসফকে কটাক্ষ করলেও হার্পকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।