মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বনিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণার পর ১৬ দিন পর অনশন ভাঙলেন ছাত্রনেতা

নিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণার পর ১৬ দিন পর অনশন ভাঙলেন ছাত্রনেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
নিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণার পর ১৬ দিন পর অনশন ভাঙলেন ছাত্রনেতা

ভারতের ঝাড়খণ্ডে বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ১৬ দিন ধরে চলা অনশন ভেঙেছেন ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহতো। রাজ্য সরকার পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী রাঁচির একটি হাসপাতালে রাজ্যের কয়েকজন মন্ত্রীর উপস্থিতিতে তিনি অনশন শেষ করেন। খবর বিবিসির।


গত ২৫ জুলাই থেকে ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা ধরনের অনিয়ম হয়েছে।


ঝাড়খণ্ডের প্রাথমিক সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশের পর আন্দোলন আরও জোরালো হয়। কয়েকজন পরীক্ষার্থী অনলাইনে প্রকাশিত উত্তরপত্রে সফল প্রার্থীদের উত্তরসংখ্যা নিয়ে অসঙ্গতির অভিযোগ তোলেন। এতে পরীক্ষার ফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।


এরপর রাজ্য সরকার ওই প্রাথমিক পরীক্ষা বাতিল করে এবং তদন্তের দায়িত্ব দেয় রাজ্যের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। তদন্তে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের একজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন।


তবে আন্দোলনকারীরা শুধু ওই পরীক্ষা বাতিলের দাবিতে সীমাবদ্ধ ছিলেন না। তারা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (জেএসএসসি-সিজিএল) পরীক্ষা বাতিল এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের মাধ্যমে তদন্তের দাবি জানিয়ে আসছিলেন।


সোমবার রাতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেএসএসসি-সিজিএল পরীক্ষাও বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, নিয়োগ পরীক্ষার অনিয়ম নিয়ে সিআইডির তদন্তে বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে আসছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


সোরেন আরও জানান, বেসরকারি প্রতিষ্ঠান টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের (টিডিপিএল) মাধ্যমে ২০১৪ সাল থেকে পরিচালিত সব নিয়োগ পরীক্ষাও বাতিল করা হবে। একই সঙ্গে ২০১৪ সাল থেকে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে তদন্ত এবং রাজ্যের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের সুপারিশ দিতে একটি কমিটি গঠন করা হবে।


সরকারের এসব ঘোষণার পর রাঁচিতে আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি দেখা দেয়। তবে আন্দোলনকারীদের একটি অংশ জানিয়েছে, সিবিআই তদন্তের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।