শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ৬০-৯০ দিনের মধ্যে হামাস নিরস্ত্র হলে গাজায় অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের

৬০-৯০ দিনের মধ্যে হামাস নিরস্ত্র হলে গাজায় অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের

favicon
ভোরের আলো ডেস্ক:
৬০-৯০ দিনের মধ্যে হামাস নিরস্ত্র হলে গাজায় অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের

আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিরস্ত্রীকরণে সম্মত হলে গাজা পরিস্থিতিতে দ্রুত অগ্রগতি সম্ভব বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তবে হামাস অস্ত্র সমর্পণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে গাজায় ইসরায়েলের আরও সামরিক অভিযানে সমর্থনের ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।


মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার সোমবার (১৭ আগস্ট) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।


কুশনার বলেন, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে হামাস স্বেচ্ছায় টানেলগুলোতে থাকা অস্ত্র হস্তান্তর করলে ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি দূর হবে। তিনি এটিকে ‘প্রায় অকল্পনীয় এক অর্জন’ হিসেবে উল্লেখ করেন।


তবে হামাস প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে পরিস্থিতি ভিন্ন হবে বলে সতর্ক করেন কুশনার। তার ভাষ্য, সংগঠনটি প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তারা শান্তির বিষয়ে আন্তরিক নয়—এমন বিষয় সবার কাছে স্পষ্ট হয়ে যাবে।


সে ক্ষেত্রে ‘উপযুক্ত উপায়ে কাজ শেষ করতে’ ইসরায়েল যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর কাছ থেকে আরও বেশি সমর্থন পাবে বলেও মন্তব্য করেন তিনি।


রোববার হামাসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও কথা বলেন কুশনার। তিনি জানান, বৈঠকে হামাসের কর্মকর্তারা ‘সঠিক কথাগুলোই বলেছেন’। তবে সংগঠনটির অতীত কর্মকাণ্ডের কারণে তাদের ওপর আস্থা রাখা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।