শিক্ষার্থীদের বিক্ষোভে ঝাড়খণ্ডে ৫ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের চলমান বিক্ষোভের মুখে নিয়োগ পরীক্ষাগুলো নতুন করে পর্যালোচনার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৪ সাল থেকে টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের (টিডিপিএল) মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা ও সংশ্লিষ্ট নিয়োগ বাতিল করা হবে। পাশাপাশি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষাও বাতিলের আওতায় থাকবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৪ সাল থেকে রাজ্যে অনুষ্ঠিত সরকারি নিয়োগ পরীক্ষাগুলোতে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করা হবে।
মুখ্যমন্ত্রীর ঘোষিত পাঁচ সিদ্ধান্ত হলো—
১.২০১৪ সাল থেকে টিডিপিএলের মাধ্যমে নেওয়া সব পরীক্ষা ও এর ভিত্তিতে হওয়া নিয়োগ বাতিল করা হবে।
২.জেপিএসসি ও জেএসএসসির গুরুত্বপূর্ণ সিজিএল পরীক্ষাও বাতিলের আওতায় থাকবে।
৩.২০১৪ সাল থেকে ঝাড়খণ্ডে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষা খতিয়ে দেখবে রাজ্যের সিআইডি। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৪. আইএএস কর্মকর্তা অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি বিশেষ সংস্কার কমিটি গঠন করা হবে।
৫. শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন সোরেন। তাদের স্বার্থে দ্রুত কঠোর ও কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।