মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘মহাকালী’র টিজারে অন্য রূপে অক্ষয় খান্না

‘মহাকালী’র টিজারে অন্য রূপে অক্ষয় খান্না

favicon
ভোরের আলো ডেস্ক:
‘মহাকালী’র টিজারে অন্য রূপে অক্ষয় খান্না

‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় দিয়ে আলোচনায় আসার পর এবার তেলেগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় খান্নার। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা ‘মহাকালী’র অফিসিয়াল টিজার।


ছবিতে দানবগুরু শুক্রাচার্যের চরিত্রে অক্ষয় খান্নার ভিন্নধর্মী লুক ও গম্ভীর কণ্ঠ দর্শকদের নজর কেড়েছে। টিজারের শুরুতে একটি মন্দিরের ভেতর সদ্যোজাত শিশুর কান্নার শব্দ শোনা যায়। এরপর অক্ষয়ের কণ্ঠে ধর্ম ও অধর্মের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা হয়।


শুক্রাচার্যের চরিত্রে অক্ষয় বলতে শোনা যায়, সমুদ্রমন্থনে দেবতা ও অসুর উভয়েই সমান পরিশ্রম করার পরও কেন শুধু দেবতারাই অমৃত পেয়েছিলেন? অসুরদের বঞ্চিত করে পাতালে পাঠানোকে আদৌ ধর্ম বলা যায় কি না, এমন প্রশ্ন তোলেন তিনি।


টিজারের শেষদিকে কাহিনি আরও নাটকীয় রূপ নেয়। শুক্রাচার্যকে রক্তবীজকে মানবজাতির সর্বনাশের নির্দেশ দিতে দেখা যায়। এরপর দেবী কালীর চরিত্রে অভিনেত্রী শ্রীয়া রেড্ডির রুদ্ররূপের ঝলক দেখা যায়।


টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয় খান্নার লুক ও সংলাপ বলার ধরন নিয়ে প্রশংসা করছেন দর্শকরা। অনেক সিনেমাপ্রেমীর মতে, ‘ধুরন্ধর’-এর পর শুক্রাচার্য চরিত্রে অক্ষয়ের নির্বাচন বেশ আকর্ষণীয় হয়েছে।


‘হনু-ম্যান’ সিনেমার সাফল্যের পর প্রশান্ত বর্মা সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে ‘মহাকালী’। আর কে দুগ্গল ও রিয়াজ রমেশ দুগ্গল প্রযোজিত ছবিটিতে অক্ষয় খান্না ও শ্রীয়া রেড্ডি ছাড়াও অভিনয় করেছেন রোহিত সরফ, ভূমি শেট্টি, রাকেশ বেদী, সমুত্থিরাকানি, রজত কাপুর, মুরলী শর্মা ও নাসারসহ অনেকে।


পরিকল্পনা অনুযায়ী, ‘মহাকালী’ আগামী ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।