আর্টসেল-রেনেসাঁসের সঙ্গে মঞ্চ মাতাবেন প্রীতম
প্লেব্যাক, একক ও দ্বৈত গান এবং অভিনয়—বিভিন্ন ব্যস্ততায় সময় কাটছে কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক প্রীতম হাসানের। তবে এসব ব্যস্ততার মাঝেও মঞ্চের দর্শকদের জন্য নিয়মিতই সময় দিচ্ছেন তিনি। এবার ‘মনসুন বিটস’ কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন এই শিল্পী।
আগামী ২৯ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘মনসুন বিটস’ কনসার্ট। এতে প্রীতম হাসানের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে জনপ্রিয় রক-মেটাল ব্যান্ড আর্টসেল।
এ ছাড়া কনসার্টে থাকছে অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু এবং ডিজে শিমারাইয়ের পরিবেশনা।
কনসার্টটির আয়োজন করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকদের ভাষ্য, সংগীতপ্রেমীদের প্রত্যাশার কথা মাথায় রেখেই ভিন্নধর্মী এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রতিষ্ঠিত ব্যান্ড ও তারকাশিল্পীদের পাশাপাশি বর্তমান সময়ের আলোচিত শিল্পীদের পরিবেশনাও থাকছে এতে।
১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা নির্ধারিত মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্টটি উপভোগ করতে পারবেন। কনসার্ট আয়োজনের তুলনামূলক খরার সময়ে ‘মনসুন বিটস’ সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলেও আশাবাদী আয়োজকরা।
এদিকে সিনেমার গানের পাশাপাশি একক গানেও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছেন প্রীতম হাসান। তার সাম্প্রতিক একক গান ‘সেকেন্ড নায়ক’ বেশ আলোচিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণে সৃজনশীল নির্দেশনা দিয়েছেন নুহাশ হুমায়ূন। মনজুর অনিকের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা মীর রাব্বি ও মালাইকা চৌধুরীকে।
গানের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছেন প্রীতম। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী জেফার রহমান।