ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, জানালেন ঘনিষ্ঠজন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই অনেকে দাবি করছেন, ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা, প্রযোজক ও পরিচালক মারা গেছেন। তবে তার মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। সেসব সময়ও তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা খবরগুলোকে ভিত্তিহীন বলে জানিয়েছিলেন।
মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। ১৫ মাসের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট তিনি দেশে ফিরেছিলেন। দেশে ফিরে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান।
তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তার মৃত্যুর খবর সত্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য তার স্বজন ও ঘনিষ্ঠজনেরা অনুরোধ জানিয়েছেন।