দিল্লিতে নিজ বাড়িতে মডেল খুন, জিম ট্রেইনারকে সন্দেহ
ভারতের দিল্লিতে নিজ বাড়িতে মুসকান (২১) নামে এক তরুণী মডেলকে হত্যা করা হয়েছে। তিনি মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনা করতেন। হত্যাকাণ্ডের পর তার জিম ট্রেইনার পলাতক থাকায় তাকেই প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় মুসকান বাড়িতে একাই ছিলেন। এ সময় এক ব্যক্তি ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ।
মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুসকানের বন্ধু আমান জানান, অভিযুক্ত জিম ট্রেইনার বেশ কিছুদিন ধরে তাকে উত্যক্ত ও হয়রানি করছিলেন। এ কারণে হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারের সদস্যদের সন্দেহ ওই ব্যক্তির দিকে।
দিল্লি পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।