নেপালে শুটিংয়ে গিয়ে দুর্যোগের কবলে খরাজ, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
নেপালে নতুন একটি ছবির শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপাল-চীন সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ হরপা বানে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগের মধ্যে খরাজের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। বারবার চেষ্টা করেও তাকে না পাওয়ায় উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
খরাজের ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায় (বিহু) বলেন, আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেই মনে হচ্ছে। তার বাবা-মা দুজনই নেপালে রয়েছেন। গতকাল তার মায়ের সঙ্গে কথা হলেও আজ আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপাল থেকে ফ্লাইট পেতেও সমস্যা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। তবে তার আশা, বাবা-মা শারীরিকভাবে ভালো আছেন এবং পরিস্থিতির উন্নতি হলে তারা দ্রুত দেশে ফিরতে পারবেন।
তমোঘ্ন আরও জানান, নেপালের পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভূমিধসের কারণে স্থানীয় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণেই খরাজের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।
তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে যোগাযোগব্যবস্থা ও বিমান চলাচলও স্বাভাবিক হবে এবং খরাজ মুখোপাধ্যায় ও তার স্ত্রীসহ শুটিং দলের সবাই নিরাপদে দেশে ফিরতে পারবেন।