রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলাএমবাপ্পে-রোনালদোকে পেছনে ফেলে ৩০০ গোলের ক্লাবে হালান্ড

এমবাপ্পে-রোনালদোকে পেছনে ফেলে ৩০০ গোলের ক্লাবে হালান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
এমবাপ্পে-রোনালদোকে পেছনে ফেলে ৩০০ গোলের ক্লাবে হালান্ড

গোলমেশিন আর্লিং হালান্ডের মুকুটে যোগ হলো আরও একটি মাইলফলকের পালক। কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের পেছনে ফেলে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের অভিজাত ক্লাবে নাম লেখালেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।


শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে ম্যানচেস্টার সিটির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন হালান্ড। আর সেই গোলই হয়ে ওঠে তাঁর ক্লাব ক্যারিয়ারের ৩০০তম গোল।


ম্যাচের ২৬তম মিনিটে নতুন চুক্তিবদ্ধ অ্যান্টনি সেমেনিওর নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান হালান্ড। এর মধ্য দিয়ে মাত্র ৩৮৪ ম্যাচে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।


এই কীর্তিতে হালান্ডের সামনে রয়েছেন শুধু লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা ৩৬৫ ম্যাচে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। তবে হালান্ড পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। এমবাপ্পে ৩৯৮ এবং রোনালদো ৪৯৯ ম্যাচে ৩০০ গোল পূর্ণ করেছিলেন।


ক্লাব ক্যারিয়ারে মোলদে হয়ে ২০, রেড বুল সালজবুর্গে ২৯ এবং বরুসিয়া ডর্টমুন্ডে ৮৬ গোল করেছেন হালান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬৫-তে। চার ক্লাবের হয়ে গোল করে অবিশ্বাস্য এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।


হালান্ডের ঐতিহাসিক গোলের রাতে ম্যানচেস্টার সিটিও প্রিমিয়ার লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। চলতি লিগে টানা তিন ম্যাচে জয় পেল দলটি।