মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › খেলা › সাদাকাতের ৯৬ রানের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারাল পাকিস্তান

সাদাকাতের ৯৬ রানের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারাল পাকিস্তান

favicon
ভোরের আলো ডেস্ক:
সাদাকাতের ৯৬ রানের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারাল পাকিস্তান

তরুণ ব্যাটার মাজ সাদাকাতের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানে থেমে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।


পাকিস্তানের বড় সংগ্রহ গড়ার পথে সবচেয়ে বড় অবদান রাখেন মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কার বোলারদের চাপে রাখেন তারা।


মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সাদাকাত। ৫১ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংসে তিনি মারেন ৭টি ছক্কা ও ৬টি চার। তার স্ট্রাইক রেট ছিল ১৮৮.২৩। অন্যদিকে, ফারহান ৪৪ বলে ৭৩ রান করেন।


২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। কামিন্দু মেন্ডিস ও মহীশ তিকশানা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় লক্ষ্য তাড়া করার মতো গতি ধরে রাখতে পারেননি।


শ্রীলঙ্কার হয়ে শেষ দিকে ব্যাট করতে নেমে মহীশ তিকশানা ২৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন। তবে তার এই ইনিংসও দলকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি।


পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন পেসার মোহাম্মদ ইমরান। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি।


এই জয়ের ফলে সিরিজে সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে পাকিস্তান। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।