শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › খেলা › পাকিস্তানের নারী ক্রিকেটে বড় ছাঁটাই, কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাত্র ৮ জন

পাকিস্তানের নারী ক্রিকেটে বড় ছাঁটাই, কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাত্র ৮ জন

favicon
ভোরের আলো ডেস্ক:
পাকিস্তানের নারী ক্রিকেটে বড় ছাঁটাই, কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাত্র ৮ জন

পাকিস্তানের নারী ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের পর বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় ক্রিকেটারের সংখ্যা ২০ থেকে কমিয়ে মাত্র ৮ জন করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।


নতুন চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা এবং বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল।


‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন মুনিবা আলি সিদ্দিকি, নাশরা সান্ধু ও সিদরা আমিন। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামাস।


নতুন তালিকা থেকে ‘ডি’ ও ‘ই’—এই দুই ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছে। গত বছরের চুক্তিতে এ দুই বিভাগ মিলিয়ে ১২ জন ক্রিকেটার ছিলেন।


বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে গত বছর ‘ই’ ক্যাটাগরি চালু করেছিল পিসিবি। তবে ওই বিভাগে চুক্তি পাওয়া দুই ক্রিকেটার ইমান ফতিমা ও শাওয়াল জুলফিকার এবার নতুন তালিকায় জায়গা পাননি।


তরুণদের পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকেও কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়না বেজ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে-হানি ও ওয়াহিদা আখতার।


পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিটনেস বিবেচনা করেই নতুন চুক্তির তালিকা তৈরি করা হয়েছে। ছেলেদের কেন্দ্রীয় চুক্তির মতো নারী ক্রিকেটারদের ক্ষেত্রে আলাদা ফরম্যাটভিত্তিক বিভাগ রাখা হয়নি।


দলের সাম্প্রতিক ব্যর্থতার পরও অধিনায়ক ফতিমা সানার সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া নতুন চুক্তির তালিকায় উল্লেখযোগ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে।