ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিবাদে মেটার কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ
দলীয় নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিবাদে ভারতের মেটার কার্যালয়ে বিক্ষোভ করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
শনিবার (২১ নভেম্বর) কংগ্রেসের যুব সংগঠনের প্রকাশ করা ভিডিওতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য দেখা যায়। সংগঠনটির অভিযোগ, কোনো কারণ ছাড়াই দলের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে মেটা।
শুক্রবার হায়দরাবাদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে মেটার কার্যালয় থাকা ভবনে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। সেখানে ভাঙচুর চালানো হয়। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।
এ ছাড়া মুম্বাইয়েও মেটার কার্যালয় থাকা ভবনের সামনে বিক্ষোভ করেন কংগ্রেসের সদস্যরা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে না দিলে দেশজুড়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জানিয়েছে, স্থানীয় আইন লঙ্ঘন, জননিরাপত্তা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। সরকারের দাবি, আইন ও নিরাপত্তার বিষয় বিবেচনা করেই কনটেন্ট অপসারণের নির্দেশ দেওয়া হয়ে থাকে।