সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › খেলা › ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন দ্বিতীয় ম্যাচে

ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন দ্বিতীয় ম্যাচে

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন দ্বিতীয় ম্যাচে

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই দলের সঙ্গে থাকবেন তিনি। তার যোগ দেওয়ায় টুর্নামেন্টের পরবর্তী লড়াইয়ের আগে শক্তি বাড়ল বাংলাদেশের।


সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকায় আসেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। আজ বিকেলেই জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে বাংলাদেশ দল।


এর আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। ওই সময় ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু না হওয়ায় তাকে জাতীয় দলের জন্য ছাড়তে বাধ্য ছিল না তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। একই সময়ে ক্লাবেরও ম্যাচ থাকায় হামজাকে ছাড়পত্র দেয়নি তারা।


তবে সোমবার থেকে শুরু হয়েছে নভেম্বরের ফিফা আন্তর্জাতিক ম্যাচের উইন্ডো। এ সময় জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছেড়ে দিতে বাধ্য ক্লাবগুলো। ফলে এবার হামজার বাংলাদেশ দলে যোগ দিতে কোনো বাধা থাকেনি।


এদিকে টুর্নামেন্টে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারানোর পর অন্য ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটানের ড্রয়ের ফলে সেমিফাইনালের টিকিট পায় দলটি।


এখন ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে হামজার দলে যোগ দেওয়া নিঃসন্দেহে কোচিং স্টাফের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন।