এলিমিনেটরে করাচিকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখলো লাহোর
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে রইলো লাহোর কালান্দার্স। এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে পরাজিত করে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছেছে দলটি।
বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন—লাহোর স্কোয়াডে থাকলেও মূল একাদশে সুযোগ পেয়েছেন কেবল সাকিব। বল হাতে এক ওভার করে ৪ রান দিয়ে একটি মূল্যবান উইকেট তুলে নিয়ে নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে করাচি কিংস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১৯০ রান। অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেন ৫২ বলে ৭৫ রান। শেষদিকে খুশদিল শাহের ১৪ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে বড় সংগ্রহ পায় করাচি।
জবাবে লাহোর কালান্দার্স শক্তিশালী ব্যাটিং লাইনআপের মাধ্যমে সহজেই জয় তুলে নেয়। ফখর জামান করেন ২৮ বলে ৪৭, আর আবদুল্লাহ শফিক খেলেন ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস। লঙ্কান ব্যাটার কুশল পেরেরা করেন ২৪ বলে ৩০, আর ভানুকা রাজাপাকসে অপরাজিত থাকেন ১২ বলে ২৩ রানে। ফলে ম্যাচ জিতে যায় শাহীন আফ্রিদির দল, সাকিবের ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি।
এ জয়ের ফলে ফাইনালের আশায় এখনো টিকে আছে লাহোর কালান্দার্স। আজ শুক্রবার (২৩ মে) রাতে তারা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এরই মধ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স প্রথম কোয়ালিফায়ারে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।