বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › খেলা › বেনিনের বিপক্ষে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি

বেনিনের বিপক্ষে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি

favicon
ভোরের আলো ডেস্ক:
বেনিনের বিপক্ষে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন আর্জেন্টাইন এই মহাতারকা।


বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটিই হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের হয়ে মেসির ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ।


বিদায় উপলক্ষে মেসিকে নিয়ে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। ভিডিওতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারের স্মরণীয় বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। এর সঙ্গে শোনা যায় মেসির নিজের কণ্ঠও, যেখানে উঠে এসেছে বিদায়ের অনুভূতি, গর্ব ও কৃতজ্ঞতার কথা।


ভিডিওতে মেসি বলেন, ‘সেই মুহূর্তটি এসে গেছে। আমি শান্ত মনেই বিদায় নিচ্ছি; আমার সর্বস্ব দিয়েছি। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবসময় আমার হৃদয়ে থাকবেন।’


শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলনও করেছেন মেসি। অনুশীলনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি জানান, দলের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো তিনি খুব মিস করবেন।


সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের সময়, অনুশীলনের স্মৃতি এবং দলের সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভবিষ্যতে স্মৃতির পাতায় বারবার ফিরে আসবে বলেও অনুভূতি প্রকাশ করেছেন এই তারকা ফুটবলার।


আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের মালিক মেসি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জয়ের সাক্ষী তিনি। এবার বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে আলবিসেলেস্তে জার্সিতে তার দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়।


ফুটবলপ্রেমীদের জন্য তাই বেনিনের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠছে এক আবেগঘন বিদায়ের মঞ্চ—যেখানে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে।