শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের সম্মানসূচক সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের সম্মানসূচক সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

favicon
ভোরের আলো ডেস্ক:
ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের সম্মানসূচক সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

বাংলাদেশের কূটনীতিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে নিযুক্ত হয়েছেন।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।


দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত এসএএফএন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও সংলাপের আয়োজন করে।


নিয়োগের ঘোষণায় জনসেবা, গণমাধ্যম ও কূটনীতিতে মুশফিকুল ফজল আনসারীর দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাঁর অভিজ্ঞতা ওয়াশিংটনে নীতিবিষয়ক আলোচনা ও বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি, বাংলাদেশের গবেষক ও পাঠকরাও তাঁর চিন্তা ও বিশ্লেষণ থেকে উপকৃত হবেন।


নতুন দায়িত্বে আনসারী নীতিবিষয়ক সংলাপ ও গবেষণায় অবদান রাখবেন। একই সঙ্গে ওয়াশিংটনে এসএএফএনের যোগাযোগ ও অংশগ্রহণ সম্প্রসারণ এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির গবেষণা ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবেন।


জনসেবা, আন্তর্জাতিক সম্পর্ক ও গণমাধ্যমে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকুল ফজল আনসারী বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসে বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দায়িত্বেও ছিলেন তিনি।


কূটনৈতিক দায়িত্ব গ্রহণের আগে আনসারী ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সাউথ এশিয়া পারসপেক্টিভসের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলেও সাংবাদিকতার মাধ্যমে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।


উল্লেখ্য, এসএএফএনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান।