ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো
বৈধ কাগজপত্র না থাকায় ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে একটি বিশেষ ভাড়া করা বিমানে তাঁরা ঢাকায় পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও অভিবাসন সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, পরামর্শ এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি। এ কাজে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও প্রবাসীকল্যাণ ডেস্ক সহযোগিতা করে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
৩৫ বাংলাদেশির দেশে ফেরার বিষয়ে ব্র্যাকের সহযোগী পরিচালক (অভিবাসন কর্মসূচি ও যুব প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, শুক্রবার সকালে বিশেষ বিমানে তাঁরা ঢাকায় পৌঁছেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় তাঁদের বিমানবন্দরে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পরামর্শ ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।
উল্লেখ্য, ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরত আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আদর্শ পরিচালন পদ্ধতি–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে। এই ব্যবস্থার আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।