বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব ও নানা আনুষ্ঠানিকতার পর আজ ভক্তরা অশ্রুসজল নয়নে দেবীকে বিদায় জানাবেন।


বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে চলছে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা। ধর্মীয় রীতি মেনে দেবীর চরণে শেষ অঞ্জলি নিবেদন করছেন ভক্তরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠছে পূজামণ্ডপগুলো।


দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। বিভিন্ন মণ্ডপে বিবাহিত নারীরা সিঁদুর খেলায় অংশ নিয়ে দেবী দুর্গার কাছে পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করবেন। এরপর দুপুর থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। ঢাকঢোল ও বাদ্যযন্ত্রের তালে বিদায় শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হবে নির্ধারিত বিসর্জন ঘাটে।


দুর্গোৎসবের শেষ দিনের সব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। সন্ধ্যা পর্যন্ত বিসর্জনের আনুষ্ঠানিকতা চলার মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।


সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা নৌকায় চড়ে কৈলাসে ফিরে যাবেন। বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবীর বিদায় ঘটলেও ভক্তদের মনে রেখে যাবেন আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষা ও নতুন করে মিলনের প্রত্যাশা।