বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।


এর আগে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান।


সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, আত্মরক্ষার স্বার্থে তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং তাঁর দাবি অনুযায়ী, এতে কোনো আইন লঙ্ঘন হয়নি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দাবি করেন, তিনি কোনো ভুল করেননি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময়ের জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন। তাঁর ভাষ্য, তিনি চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েছিলেন।


ইশরাক আরও অভিযোগ করেন, অস্ত্র হাতে নেওয়ার ছবিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে মাদকবিরোধী অভিযানের মূল বিষয়টি আড়ালে পড়ে গেছে।


তবে তাঁর কোনো আচরণে ভুল হয়ে থাকলে বা কেউ আঘাত পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ইশরাক।