‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো’: শফিকুর রহমান
মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের ভূমিকার সমালোচনা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে অভিযানের সময় তাঁর হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াতের মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইশরাক হোসেনের উদ্দেশ্য ভালো হলেও জনপ্রতিনিধি কিংবা প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা ঠিক নয়। এ ধরনের ঘটনায় অন্যরা অস্ত্রের অপব্যবহার করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাকের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তাঁর কাজকে নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। তবে অভিযানের সময় হাতে অস্ত্র না থাকলে ভালো হতো।
মাদক নিয়ন্ত্রণের পরিবর্তে তা সম্পূর্ণ নির্মূল করার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির আরও বলেন, তাঁরা মাদক নির্মূল করতে চান। সংসদে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে আইন পাস হলেও তাঁদের লক্ষ্য শুধু নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়; বরং সমাজ থেকে মাদক নির্মূল করা।