বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে অর্থায়ন করছে পলাতকরা, দাবি প্রধানমন্ত্রীর

শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে অর্থায়ন করছে পলাতকরা, দাবি প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে অর্থায়ন করছে পলাতকরা, দাবি প্রধানমন্ত্রীর

কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা চলছে এবং এ বিষয়ে গোয়েন্দাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, পলাতক ব্যক্তিরা অর্থ সরবরাহ করছে এবং ‘বেহেশতের টিকিট বিক্রি করত’—এমন ব্যক্তিদের মাধ্যমেও অর্থ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এই দুই পক্ষ একসঙ্গে কাজ করছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


দেশে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, একটি দল মুখে ২০২৪ সালের আন্দোলনের কথা বললেও শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিল না। তাদের বক্তব্যের সঙ্গে কর্মকাণ্ডের মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।


তারেক রহমান আরও দাবি করেন, কয়েকটি রাজনৈতিক দল বিএনপি তথা জনগণের কর্মসূচি সফল হোক, তা চায় না। এ সময় আগামী পাঁচ বছর বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান দলটির চেয়ারম্যান।


দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে কেউ এসে বাংলাদেশের উন্নয়ন করে দিয়ে যাবে না; নিজেদেরই দেশ গড়ে তুলতে হবে। তিস্তা ও পদ্মা নদীতে সরকার ব্যারাজ নির্মাণ করবে বলেও ঘোষণা দেন তিনি।


তিনি বলেন, একটি কুচক্রী মহল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।