মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ‘জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার পরিণতি ভালো হবে না’: প্রধানমন্ত্রী

‘জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার পরিণতি ভালো হবে না’: প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার পরিণতি ভালো হবে না’: প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করে একটি দল জনগণের সমর্থন পায়নি। একইভাবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও জনগণ ভালোভাবে নিচ্ছে না। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।


মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায়। কিন্তু সম্প্রতি একটি মহল বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অতীতে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা জনগণ গ্রহণ করেনি। এখন চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও একই ধরনের চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।


এ সময় বিরোধী দলের প্রতি সংসদে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে সংসদ গঠন করেছে এবং সেখানে তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে। কোনো বিষয়ে আপত্তি বা বক্তব্য থাকলে সংসদে এসে আলোচনা ও বিতর্কের মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেওয়া উচিত।


বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশ গঠনের আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশ সবার। দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। অতীতের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি জনগণ। অতীতের মতো ভবিষ্যতেও জনগণকে পাশে রাখতে চায় সরকার।


তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকার শুধু যারা ভোট দিয়েছেন তাঁদের নয়, যারা ভোট দেননি তাঁদেরও। কোনো এলাকায় সরকারি দলের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আবার কোনো এলাকায় হননি—এ কারণে উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য করা হবে না। সরকার সব এলাকার মানুষের জন্য কাজ করতে চায়।


তিনি জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব এলাকায় উন্নয়ন কার্যক্রমের সুষম বণ্টন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে রংপুর মহানগরের উন্নয়নে গত দুই সপ্তাহ আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।