মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আজ মহানবমী, পূজামণ্ডপে বিহিত পূজা ও সন্ধ্যা আরতি

আজ মহানবমী, পূজামণ্ডপে বিহিত পূজা ও সন্ধ্যা আরতি

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ মহানবমী, পূজামণ্ডপে বিহিত পূজা ও সন্ধ্যা আরতি

আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের পূজামণ্ডপগুলোয় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার বিহিত পূজা। কোথাও কোথাও আয়োজন করা হবে বলিদানের আনুষ্ঠানিকতাও।


মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবী উপলক্ষে মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভ ও বিহিত পূজার পর দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় মহামায়ার আরাধনায় প্রজ্বলিত হবে শত শত প্রদীপ। এদিনের পূজার আনুষ্ঠানিকতার অন্যতম আকর্ষণ থাকবে সন্ধ্যা আরতি।


দুর্গোৎসবের নবমী সাধারণত বিদায়ের বার্তা নিয়ে আসে। তাই পূজার আনন্দের পাশাপাশি ভক্তদের মনে বিরাজ করে আবেগ ও বিষাদের অনুভূতি। দেবীর কাছে প্রার্থনা, অঞ্জলি ও আরাধনার মধ্য দিয়ে ভক্তরা দেশ, জাতি ও পরিবারের কল্যাণ কামনা করবেন।


ধর্মীয় রীতি অনুযায়ী, আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের পর দেবী দুর্গা কৈলাসে তাঁর আবাসে ফিরে যাবেন—এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত।


এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোটক বা ঘোড়ায় এবং গমন করবেন নৌকায়। শাস্ত্রীয় ব্যাখ্যায় ঘোড়া ও নৌকায় দেবীর আগমন-গমনকে অশুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তবে পূজারিরা মনে করেন, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনার মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার প্রার্থনা করা যায়।