নারায়ণগঞ্জের পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সাজসজ্জা ও আতিথেয়তায়
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও হিন্দু সম্প্রদায়ের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পূজামণ্ডপ পরিদর্শনকালে রাষ্ট্রদূত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্চনা একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজা উদ্যাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা।
**বোস কেবিনে সস্ত্রীক চা পান**
পূজামণ্ডপ পরিদর্শনের আগে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ নগরীর সনাতনলেন সড়কে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে চা পান করেন।
এর আগে সকালে তিনি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন।