মহাষ্টমী আজ, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে দেবী দুর্গার আরাধনা। মহাষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।
ধর্মীয় রীতি অনুযায়ী, মহাষ্টমীতে এক থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কুমারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনে দেবী মহামায়া অসুরবধের মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন। তাই মহাষ্টমীর পূজায় দেবীর শক্তি ও নারীত্বের মহিমা বিশেষভাবে তুলে ধরা হয়।
ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে। কুমারী পূজার মাধ্যমে নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পূজা শেষে উপস্থিত ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন।
সূর্যোদয়ের আগে থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর কল্পারম্ভ ও পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় আসনে অধিষ্ঠিত হওয়ার কথা দেবী কুমারীর। এরপর পঞ্চনৈবেদ্য নিবেদনের মধ্য দিয়ে চলবে তাঁর আরাধনা।