দল চাইলে মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা এই বিএনপি নেতা বলেছেন, দল চাইলে তিনি মেয়র নির্বাচনে অংশ নেবেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। এর আগে ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রেও ওই প্রার্থীকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত রয়েছেন তিনি।
পদত্যাগের কারণ জানালেন ইশরাক
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে ইশরাক বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, তাঁর কারণে যেন প্রধানমন্ত্রীর কোনো কর্মকাণ্ড ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি পদত্যাগ করতে চান।