শাহজালালে প্রবাসীদের জন্য যুক্ত হলো ১৫০টি নতুন ট্রলি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ ও মালামাল বহনের সুবিধার্থে নতুন করে ১৫০টি ট্রলি যুক্ত করা হয়েছে। প্রবাসী কর্মীদের বিমানবন্দরে যাতায়াতের সময় ভোগান্তি কমাতে এ উদ্যোগ নিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বোর্ডের পক্ষ থেকে ট্রলিগুলো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসী কর্মীদের সেবা সহজ করতে মোট ২০০টি নতুন ট্রলি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৫০টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া হয়েছে। বাকি ৫০টি পর্যায়ক্রমে চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরবরাহ করা হবে।
ট্রলি হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিমানবন্দরে আসা-যাওয়ার সময় ট্রলির সংকটে যাতে তাঁদের ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
**রিয়াদ বিমানবন্দরকেন্দ্রিক জটিলতা নিয়ে যা বললেন মন্ত্রী**
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও রিয়াদ বিমানবন্দরকেন্দ্রিক ফ্লাইট জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমস্যার কারণে প্রবাসীদের বিকল্প পথে, যেমন মদিনা হয়ে, অথবা অন্য বিমান সংস্থার মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চলছে। বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সৌদি আরবে একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ থাকায় মরদেহ দুটি ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে। অন্য বিমান সংস্থার মাধ্যমে সেগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে। নিহত দুজনের একজন বগুড়া এবং অন্যজন কুমিল্লার বাসিন্দা।
এ ছাড়া রিয়াদে হামলার পর সেখানে আটকে পড়া ওমরাহযাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ মিশনগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।