মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের


সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ওই দুই প্রবাসীর বিচারিক প্রক্রিয়ায় দূতাবাসের সম্পৃক্ততা ছিল কি না, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।


সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন জামায়াত আমির।


ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। প্রবাসে তাঁদের নানা সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং দেশের মর্যাদা ও স্বার্থ সমুন্নত রাখার জন্যই বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট রয়েছে।


তিনি প্রশ্ন তোলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাস কিংবা কনস্যুলেটের কোনো সম্পৃক্ততা ছিল কি না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে মৃত্যুদণ্ড কার্যকরের পর বিষয়টি জানার কথা উঠে আসায় এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিটি দেশ তার প্রচলিত আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালনা করে। তবে মৃত্যুদণ্ডের মতো গুরুতর বিষয়ে সংশ্লিষ্ট দুই বাংলাদেশি নাগরিকের পক্ষে দূতাবাস দায়িত্ব পালন করেছে কি না, তা সরকারকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।


তিনি আরও বলেন, যে অপরাধে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানা গেছে, এ ধরনের অপরাধে প্রবাসী বাংলাদেশিদের জড়িয়ে পড়া প্রতিরোধে সরকার ও দূতাবাসের কী উদ্যোগ রয়েছে, সেটিও জানা প্রয়োজন। এ বিষয়ে সরকার ও বাংলাদেশ দূতাবাসের অবস্থান পরিষ্কার করা জরুরি।


প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে কোনো বাংলাদেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় দূতাবাসের কাছ থেকে তাঁর প্রাপ্য সহায়তা থেকে যেন বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।


একই সঙ্গে দেশের মর্যাদা রক্ষা এবং সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার বিষয়ে প্রবাসীদের সচেতন করাও সরকারের অন্যতম দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।


সবশেষে জামায়াত আমির বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তিকে নিয়ে আলোচনা-পর্যালোচনার চেয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করাই সবার জন্য উত্তম। যা ভালো, তা বিকশিত হোক।