চালু হচ্ছে ডিভি লটারি, এবার কি অংশ নিতে পারবেন বাংলাদেশিরা?
যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি আবার চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আদালতের নির্দেশের পর ২০২৭ সালের ডিভি লটারি কার্যক্রম শুরু করার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরি হয়েছে। তবে এবার বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক জিনসুক ওহতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ডিভি লটারির নিবন্ধনপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের বিস্তারিত প্রকাশ করার কথা রয়েছে। ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩০ দিন চলার এবং ৩ ডিসেম্বরের মধ্যে বিজয়ীদের ফল প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে।
তবে ভিসার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?
এবারের ডিভি লটারিতে যোগ্য দেশগুলোর তালিকায় বাংলাদেশ থাকবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামী ২৯ অক্টোবর প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার হতে পারে।
উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ডিভি লটারির মাধ্যমে ৫০ হাজারের বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে গেছেন। তবে ২০১২ সাল থেকে বাংলাদেশ এই কর্মসূচির বাইরে রয়েছে।
কেন চালু হয় ডিভি লটারি?
১৯৯০ সালের ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের আমলে ডাইভারসিটি ভিসা কর্মসূচি চালু হয়। এর মূল উদ্দেশ্য হলো, যেসব দেশ থেকে ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম মানুষ অভিবাসন করেন, সেসব দেশের নাগরিকদের জন্য অভিবাসনের সুযোগ তৈরি করা।
তবে লটারিতে নির্বাচিত হলেই যুক্তরাষ্ট্রে যাওয়া নিশ্চিত হয় না। আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অথবা গ্রহণযোগ্য কাজের অভিজ্ঞতাসহ অন্যান্য শর্ত পূরণ করতে হয়।
লটারি নিয়ে অনিশ্চয়তা কেন?
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় লটারির আবেদনপ্রক্রিয়া স্থগিত করেছিল। দীর্ঘ বিলম্বের কারণে ২০২৭ সালের কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে। পরে ‘রেড ইগল ল’ নামের একটি আইনি সংস্থা আদালতের দ্বারস্থ হয়।
তবে আদালতের নির্দেশের বিরুদ্ধে মার্কিন প্রশাসন আপিল করেছে এবং আদেশ স্থগিত রাখার আবেদনও জানিয়েছে। সেই আবেদন মঞ্জুর হলে নিবন্ধন শুরুর প্রক্রিয়া আবারও বিলম্বিত হতে পারে।