ট্রাম্পের জনসমর্থন বেড়ে ৩২ শতাংশ, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন এক শতাংশ পয়েন্ট বেড়ে ৩২ শতাংশে পৌঁছেছে। এর আগের সপ্তাহে তাঁর জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রয়টার্স-ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২৬ অক্টোবর) শেষ হওয়া জরিপ অনুযায়ী, কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ ভোটার। বিপরীতে রিপাবলিকানদের সমর্থন করেছেন ৩৬ শতাংশ। ফলে দুই দলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১১ শতাংশ পয়েন্টে। সিদ্ধান্তহীন ভোটারদের মতামত হিসাবের মধ্যে নিলে ডেমোক্র্যাটদের সমর্থন ৫০ শতাংশ এবং রিপাবলিকানদের ৪১ শতাংশে দাঁড়ায়।
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চ্যালেঞ্জের মুখে রয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বাকি মেয়াদে তাঁর নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়তে পারে।
জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ভুল পথে এগোচ্ছে। মূল্যস্ফীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধি নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে কোন দলের নীতিকে বেশি পছন্দ করেন, এমন প্রশ্নে ৩৭ শতাংশ উত্তরদাতা ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানদের অর্থনৈতিক নীতিকে সমর্থন করেছেন ৩৩ শতাংশ।
নির্বাচন ঘিরে উৎসাহের ক্ষেত্রেও দুই দলের সমর্থকদের মধ্যে ব্যবধান দেখা গেছে। ডেমোক্র্যাট সমর্থকদের ৪৬ শতাংশ জানিয়েছেন, তাঁরা মধ্যবর্তী নির্বাচন নিয়ে অত্যন্ত উৎসাহী। রিপাবলিকান সমর্থকদের মধ্যে এ হার ৩০ শতাংশ।
রয়টার্স-ইপসোসের অনলাইন জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। তাঁদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৮০ জন। জরিপে প্রাপ্তবয়স্কদের মতামতের ক্ষেত্রে ত্রুটির সীমা ২ শতাংশ পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ পয়েন্ট।
সূত্র: রয়টার্স-ইপসোস