পাকিস্তানে আবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম
পাকিস্তানে আবারও বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রলের দাম ১ দশমিক ৫৪ রুপি এবং উচ্চগতির ডিজেলের দাম ২ দশমিক ১৬ রুপি বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
এএনআই নিউজের তথ্য অনুযায়ী, দাম বাড়ানোর পর পাকিস্তানে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৩৭৯ দশমিক ২৫ রুপিতে। অন্যদিকে, উচ্চগতির ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ৩৯৫ দশমিক ৮২ রুপি।
জ্বালানি তেলের ওপর উচ্চ হারে শুল্কও বহাল রেখেছে পাকিস্তান সরকার। প্রতি লিটার পেট্রলে ১১৪ রুপি এবং ডিজেলে ১০০ রুপি শুল্ক আদায় করা হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতকে দেশটিতে জ্বালানির মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
জ্বালানির ব্যবহার ও সরকারি ব্যয় কমাতে নতুন কিছু পদক্ষেপও নিয়েছে পাকিস্তান সরকার। ডনের প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্দেশনায় দেশের সব বাণিজ্যিক বাজার রাত ৯টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হয়েছে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এসব সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গত কয়েক মাসে পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ডনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে আঞ্চলিক সংঘাত তীব্র হওয়ার পর ডিজেলের দাম দ্রুত বাড়তে শুরু করে।
একপর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ২৮১ রুপি থেকে বেড়ে গত ৩ এপ্রিল রেকর্ড ৫২০ দশমিক ৩৫ রুপিতে পৌঁছায়। পরে কয়েক দফায় দাম কমানো হয়।
পেট্রলের দামও একই সময়ে বেড়েছিল। মার্চের প্রথম সপ্তাহে প্রতি লিটার পেট্রলের দাম ছিল ২৬৬ রুপি। পরে তা বেড়ে সর্বোচ্চ ৪৫৮ দশমিক ৪১ রুপিতে ওঠে। এরপর কয়েক দফায় দাম কমানো হলেও এবার আবারও বাড়ানো হলো।