বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢামেকে স্থায়ী পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

ঢামেকে স্থায়ী পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢামেকে স্থায়ী পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনরা। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ বেড়েছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। দিনভর চলা ধর্মঘটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স চলাচল ও রোগী পরিবহনে বিঘ্ন ঘটে।


হাসপাতালে চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগীদের স্বজনেরা এ পরিস্থিতিতে বিপাকে পড়েন। জরুরি ভিত্তিতে অন্য হাসপাতালে রোগী স্থানান্তর করতে গিয়ে অনেককে সমস্যার মুখে পড়তে হয়। একই সঙ্গে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভোগান্তির সৃষ্টি হয়।


এদিকে, ধর্মঘট চলাকালে বাইরে থেকে রোগী নিয়ে আসা কয়েকটি অ্যাম্বুলেন্সকে হাসপাতাল প্রাঙ্গণ ছেড়ে যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।


স্থায়ী পার্কিংয়ের দাবিতে শুরু হওয়া এ কর্মসূচির কারণে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।