বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (২৮ অক্টোবর) সকালে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।


তারেক রহমান আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব খাতে জাপানের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।


বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার প্রস্তাবও উত্থাপন করা হয়। এতে বাংলাদেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।


জবাবে জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।


প্রধানমন্ত্রীর এ বৈঠকে জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে সম্ভাব্য বিনিয়োগ এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।