ইসরায়েলের নির্বাচনে প্রাথমিক গণনায় শীর্ষে নেতানিয়াহুর লিকুদ পার্টি
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এখন পর্যন্ত ১৬ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত গণনা করা বৈধ ভোটের ২২ দশমিক ২৪ শতাংশ পেয়েছে লিকুদ পার্টি। তবে আগের গণনায় দলটির প্রাপ্ত ভোটের হার ছিল ২৩ দশমিক ৩৬ শতাংশ। সর্বশেষ হিসাবে দলটির ভোটের হার কিছুটা কমেছে।
প্রাথমিক গণনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি। দলটি পেয়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ ভোট।
অন্যদিকে, ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সমন্বয়ে গঠিত যৌথ তালিকা ৮ দশমিক ২৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ৮ দশমিক ২২ শতাংশ ভোটের তুলনায় এই হার সামান্য বেশি।
ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত ফলাফল সম্পূর্ণ প্রাথমিক। ভোট গণনা এখনো চলছে। গণনা শেষ হলে দলগুলোর অবস্থান ও ভোটের হার পরিবর্তিত হতে পারে।
নির্বাচনে দেশটির মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন।