ইরানের হুমকি দূর করতে ‘ঐতিহাসিক সুযোগ’ দেখছেন নেতানিয়াহু
ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করার কথা বলেছেন তিনি।
জেরুজালেমে নিজের দল লিকুদ পার্টির নির্বাচনী সদর দপ্তরে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করার এই সুযোগ ইসরায়েলকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, “আমাদের বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মিলে ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক, একবারই আসা একটি সুযোগ ইসরায়েলের সামনে রয়েছে।”
ইসরায়েলের শত্রুদের মোকাবিলায় অতীতের সাফল্যের কথা তুলে ধরে নেতানিয়াহু বলেন, তাঁরা আগে শত্রুদের পরাস্ত করতে পেরেছেন এবং ভবিষ্যতেও পারবেন।
এ সময় আরব দলগুলোর সঙ্গে সহযোগিতায় আগ্রহী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ ধরনের দলগুলোর সঙ্গে কাজ করার উদ্যোগকে তিনি ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
নেতানিয়াহু প্রশ্ন তোলেন, যেসব দল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের আক্রমণ করে, তাদের সঙ্গে থেকে কীভাবে দেশের সেবায় নিয়োজিত ব্যক্তিদের প্রতি অঙ্গীকারের কথা বলা যায়।
নিজের বিরুদ্ধে চলমান তদন্তেরও সমালোচনা করেন নেতানিয়াহু। এসব তদন্তকে তিনি ‘অপরাধমূলক রাজনৈতিক তদন্ত’ বলে উল্লেখ করেন।
বক্তব্যের শেষ দিকে নেতানিয়াহু আবারও বলেন, ইসরায়েল অতীতে শত্রুদের মোকাবিলা করেছে এবং ভবিষ্যতেও তা করতে সক্ষম হবে। পরে নির্বাচনী সদর দপ্তরে বাজতে থাকা গানের সঙ্গে যোগ দেন তিনি।