বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি হিসাবের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের তুলনায় যুদ্ধের ব্যয় ২৫ শতাংশেরও বেশি বেড়েছে। তবে পেন্টাগনের এই হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর।


আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে চাপে রয়েছে রিপাবলিকান পার্টি। এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে।


যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা না পাওয়ায় এর রাজনৈতিক পরিণতি নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকান নেতারা। বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির পেছনেও এই যুদ্ধের প্রভাব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


জ্বালানির দাম বৃদ্ধির কারণে রিপাবলিকান প্রার্থীদের প্রতি জনসমর্থন কমেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের হারেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকান পার্টি। মধ্যবর্তী নির্বাচনে এই সংখ্যাগরিষ্ঠতা হারালে দলটির রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।