এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য, ফেল করেছেন ৬ লাখ ২৩ হাজারের বেশি
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছেন। এবার সারা দেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন।
### যেভাবে জানা যাবে ফলাফল
শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফলাফল eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফলাফল ডাউনলোড করতে ওয়েবসাইটের ‘রেজাল্ট’ অংশে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর ব্যবহার করতে বলা হয়েছে।
### এসএমএসে ফল জানার নতুন নম্বর
এবার মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানার নম্বর পরিবর্তন করা হয়েছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে ফল জানা গেলেও ২০২৬ সালে নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে ১৬১৪০।
এসএমএসে ফল জানতে ইংরেজিতে এইচএসসি, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, পরীক্ষার্থীর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।