আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন: চিফ হুইপ
আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আন্দোলন করে সরকার গঠন করা যায় না। সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আন্দোলন করে কি সরকার গঠন করা সম্ভব? সরকার গঠনের পথ হলো নির্বাচন। জনগণ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট না হলে পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করবে।
তিনি বলেন, যারা আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন, তাদের বুঝতে হবে দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে। সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল পাবে। আর সরকার ভালো কাজ করতে না পারলে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম মনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করা জরুরি।
**রাজনৈতিক বিরোধে সুযোগ নেবে অন্যরা**
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নিজেদের মধ্যে বিরোধ ও সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানান চিফ হুইপ। তিনি বলেন, নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ তৈরি করলে এর সুযোগ নেবে অন্যরা। যারা আমাদের বিভক্ত দেখতে চায়, তাদের পথই এতে সুগম হবে।
বিষয়টি বোঝাতে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের উদাহরণ দিয়ে তিনি বলেন, দুই ভাই ঝগড়া করলে পাশের বাড়ির লোক সালিশ করতে আসে। কিন্তু সেই সুযোগে সে দুই ভাইয়ের সম্পত্তিই কিনে নেওয়ার চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, দেশ ধ্বংস হলে পরবর্তী প্রজন্মের কাছে জবাব দেওয়ার কিছু থাকবে না। গত ৫৪ বছরে অনেক সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়।
**জ্বালানি সংকট নিয়ে সতর্কবার্তা**
জ্বালানি সংকট ও সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে জিম্মি করতে চায়। এর মাধ্যমে দেশের ২০ কোটি মানুষকেও জিম্মি করার চেষ্টা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।