প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন। এ সময় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের সার্বিক কার্যক্রম ও প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটির সভাপতি ও সদস্যদের অবহিত করা হয়।
আলোচনা শেষে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন কমিটির সভাপতি ও সদস্যরা।
প্রতিরক্ষা খাতের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।