আসামি হাজিরার প্রক্রিয়া ডিজিটাল হলে বিচারব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী
কারাগার থেকে আদালতে আসামি হাজির করার প্রক্রিয়া ডিজিটাল করা সম্ভব হলে বিচারব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, বিচারব্যবস্থাকে আরও উন্নত এবং জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে চায় সরকার। এ জন্য বিচারপ্রক্রিয়ার বিভিন্ন ক্ষেত্রে আধুনিকায়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের মামলাজটের চিত্র তুলে ধরে আইনমন্ত্রী জানান, সারা দেশে বর্তমানে প্রায় ৪৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে। মাত্র ২ হাজার ৩০০ বিচারকের পক্ষে এত বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করা অত্যন্ত কঠিন।
আইনমন্ত্রী বলেন, বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় বিচারব্যবস্থাকে আরও গতিশীল করা জরুরি। কারাগার থেকে আদালতে আসামি হাজিরের প্রক্রিয়া ডিজিটাল করা গেলে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি বিচারিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যায়।
বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের আস্থা বাড়াতে সরকার এ ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।