বেকারত্ব দূর করতে কর্মমুখী ও কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি
দেশের বেকারত্ব সমস্যা দূর করতে উচ্চশিক্ষাসহ সব স্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর ওপরও গুরুত্বারোপ করেন।
বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেন তিনি।
**সমাবর্তনে অংশ নেওয়ার আশ্বাস**
সাক্ষাৎকালে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশ নেওয়ার আশ্বাস দেন।
প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ও আন্তর্জাতিক মান বজায় রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, জেসাপ আন্তর্জাতিক আদালত প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি।
**মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিতে শতকোটি টাকার বেশি ব্যয়**
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে এ পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। মেধার বিকাশ, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অর্থ ব্যয় করা হয়েছে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।