বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী, বাংলাদেশে কারখানা স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা

টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী, বাংলাদেশে কারখানা স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
টয়োটার কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী, বাংলাদেশে কারখানা স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সফরের চতুর্থ দিনে ভোরে বুলেট ট্রেনে রাজধানী টোকিও থেকে নাগোয়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটার অন্যতম প্রধান কারখানা পরিদর্শন করেন তিনি।


পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কারখানা পরিদর্শন শেষে টয়োটা সুশো করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া তিনি টয়োটা জাদুঘর পরিদর্শন করবেন।


সফরকালে বাংলাদেশে টয়োটার কারখানা প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন প্রধানমন্ত্রী।


কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলে নাগোয়া থেকে টোকিও ফিরবেন তিনি। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।


চার দিনের জাপান সফর শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।