বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পুরাতন বাণিজ্য মেলা মাঠে জাতীয় যুবমেলা স্থগিত

পুরাতন বাণিজ্য মেলা মাঠে জাতীয় যুবমেলা স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
পুরাতন বাণিজ্য মেলা মাঠে জাতীয় যুবমেলা স্থগিত

রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে মাঠের বরাদ্দ বাতিল হওয়ায় জাতীয় যুবমেলা স্থগিত করা হয়েছে। তবে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে যুবমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী বলেন, পুরাতন বাণিজ্য মেলা মাঠে সাত দিনব্যাপী জাতীয় যুবমেলা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে গণপূর্ত মন্ত্রণালয় ওই মাঠের সব বরাদ্দ বাতিল করে দেয়। ফলে সেখানে জাতীয় যুবমেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না।


### চাকরি পেতে পারেন ৩ থেকে ৫ হাজার তরুণ


যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ১ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চাকরির মেলার আয়োজন করা হবে। এতে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানান প্রতিমন্ত্রী।


তিনি বলেন, এই চাকরির মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ হাজার থেকে ৫ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য রয়েছে।


### জাতীয় যুব দিবসে পুরস্কার পাবেন ১৪ জন


প্রতিমন্ত্রী জানান, জাতীয় যুব দিবসের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু একাডেমি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।


যুবসমাজের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব পুরস্কারও প্রদান করা হবে। এ বছর চারজন যুব সংগঠক এবং ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে এ পুরস্কার দেওয়া হবে।


জাতীয় যুবমেলা স্থগিত হলেও জেলা ও উপজেলা পর্যায়ে মেলা এবং কর্মসংস্থানমূলক কার্যক্রমের মাধ্যমে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।