তাহসিফ সাউরির মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে, এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
তাহসিফ সাউরি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসেন।
তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।